News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০১, ১৯ ডিসেম্বর ২০২৫

‘খালেদা জিয়ার অবস্থা বেশ স্থিতিশীল’

‘খালেদা জিয়ার অবস্থা বেশ স্থিতিশীল’

ছবি: সংগৃহীত

হাসপাতাল থেকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিগত এক মাসের তুলনায় এখন অনেক বেশি স্থিতিশীল। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আলহামদুলিল্লাহ, গত এক মাসের মধ্যে তার শারীরিক অবস্থা অনেক স্থিতিশীল রয়েছে। আজও তার শরীরে একটি ছোট প্রসিডিউর সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

চিকিৎসক আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন। অর্থাৎ, তিনি সিসিইউতে থাকলেও সেখানে আইসিইউর সব সুবিধা রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: ‘খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, আশাবাদী চিকিৎসকরা’

ডা. জাহিদ বলেন, আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান, শামীম ইসকান্দারসহ পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ রাখবেন এবং তার চিকিৎসা পরিপূর্ণভাবে চলতে দান করবেন।

এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, গত অবস্থার তুলনায় এখন আল্লাহর অশেষ মেহেরবানিতে ও দেশের মানুষের দোয়ায় তার শারীরিক অবস্থা অনেক বেশি স্থিতিশীল। এই প্রক্রিয়ায় মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি চিকিৎসকরা সমন্বয়ে কাজ করছেন এবং আমরা চাই এই চিকিৎসা অব্যাহত থাকুক।

ডা. জাহিদ তার বক্তব্যের সমাপ্তিতে পুনর্ব্যক্ত করেন, আজকের ছোট অপারেশনও তিনি সফলভাবে গ্রহণ করতে পেরেছেন এবং আলহামদুলিল্লাহ, তার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। দেশের সকলের দোয়া কামনা করছি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়