নির্বাচনে অংশ নিচ্ছেন না নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মাসুদ
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, আমি নির্বাচন করবো না। আমি মনোনয়ন কিনবো না। আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আপনারা যে আশা করেছিলেন, সেটি ব্যাহত হলো। এটি আমার জন্য সহজ সিদ্ধান্ত ছিল না।
তিনি আরও জানান, প্রার্থিতা ঘোষণার পর থেকেই তার পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। বিশেষ করে ঢাকায় ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়। পরিবারের অনুরোধ এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তিনি নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মাসুদুজ্জামান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমি তা ধরে রাখতে পারিনি। সংসদ সদস্য না হলেও সমাজ ও মানুষের জন্য অন্য যে কোনো মাধ্যমে কাজ করা সম্ভব। আমি আজীবন মানুষের পাশে থাকব।
আরও পড়ুন: ‘গোলাম আযম-নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যা মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান’
তিনি ব্যক্তিগতভাবে নেতাকর্মী ও এলাকায় বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়েছেন এবং উল্লেখ করেছেন, যিনি এই আসনে নির্বাচন করবেন, তার পাশে আমার সমর্থন থাকবে। যদিও আমি নির্বাচনী প্রচারণা করেছি, তবে প্রার্থিতা প্রত্যাহারের এই সিদ্ধান্তে আমার অনুসারীরা হয়তো কষ্ট পাবেন।
মাসুদুজ্জামান মাসুদ গত সেপ্টেম্বরে বিএনপিতে যোগ দেন। তিনি মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি। যোগদানের অল্প দিনের মধ্যেই তাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়। ভোটের লড়াই শুরু হওয়ার আগেই তিনি নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনে অতীতে ওসমান পরিবারের প্রভাব বেশি দেখা গেছে। শামীম ওসমানের ভাই নাসিম ওসমান একাধিকবার এই আসনের সাংসদ ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








