News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৬, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৫:১৭, ১৬ ডিসেম্বর ২০২৫

‘গোলাম আযম-নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যা মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান’

‘গোলাম আযম-নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যা মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী একাত্তরের স্বাধীনতাবিরোধী ছিল এবং এখনও সেই অপচেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

তিনি বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘জাতির সূর্যসন্তান’ আখ্যা দিয়ে জামায়াত মুক্তিযোদ্ধাদের চূড়ান্তভাবে অপমান করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, স্বাধীনতাবিরোধীরা ১৯৪৭ সাল থেকে কখনোই এ দেশের শান্তি কামনা করেনি। তারা তখনও দেশের স্বাধীনতা চায়নি, এখনও চায় না। বর্তমানে তারা নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং দেশকে বিপাকে ফেলার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থান—এই দুটি ঘটনাকে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু ৭১ এবং ২৪ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজমান। একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না, এটা সম্ভবও নয়।

জামায়াতের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যদি গোলাম আযম ও নিজামী জাতির সূর্যসন্তান হন, তাহলে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের চরম অপমান করা হয়।

আরও পড়ুন: স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে: মির্জা ফখরুল

বিজয় দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মির্জা আব্বাস বলেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি। তবুও বিএনপি, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, স্বাধীনতার পর যে আশা ও উদ্দীপনা নিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখা হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই আশা-আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করেছে। আসন্ন নির্বাচনে জনগণ এমন একটি দলকে নির্বাচিত করবে যারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৭টা ১০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে দলীয় নেতারা সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়