News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪২, ১৩ ডিসেম্বর ২০২৫

হাদির ওপর হামলা বাংলাদেশ রাষ্ট্রের ওপর হামলা: সালাহউদ্দিন

হাদির ওপর হামলা বাংলাদেশ রাষ্ট্রের ওপর হামলা: সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে বাংলাদেশ রাষ্ট্রের ওপর হামলা হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপর হামলা। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ১০ তারিখ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তার পরদিনই একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থীর ওপর হামলা হয়েছে। হামলার ধরন দেখেই বোঝা যায় এটি একটি পেশাদার হামলা।

তিনি আরও বলেন, আমরা ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যকে সবচেয়ে বড় শক্তি হিসেবে গড়ে তুলতে চাই। এই ঐক্যের মাধ্যমেই এ ধরনের জাতীয় সংকট মোকাবিলা করা সম্ভব।

জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, সামনে নির্বাচনকে ঘিরে নানা বিতর্ক হবে। কিন্তু আমরা এমন কোনো পর্যায়ে যাব না, যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আমরা অটুট ও সুদৃঢ় রাখবো।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের চেতনা হচ্ছে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে আমরা সর্বাগ্রে গুরুত্ব দেবো। এই জায়গায় কোনো আপস নেই।

আরও পড়ুন: আ. লীগের টার্গেট ৫০ প্রার্থী, যার প্রথম শিকার হাদি: রাশেদ খান

সবশেষে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—এ ধরনের হামলা চালিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করা যাবে না। এসব হামলা প্রতিহত করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়