মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন আব্দুস সালাম
ফাইল ছবি
ভবিষ্যতে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আব্দুস সালাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকট থেকে প্রশাসকের দায়িত্ব বুঝে নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই অভিপ্রায় ব্যক্ত করেন।
একই সময়ে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেনও ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেওয়ায় মহানগরের নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ডিএসসিসির প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন মো. আব্দুস সালাম।
দায়িত্ব গ্রহণের পর নিজের ফেসবুক বার্তায় তিনি উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ে কাজের মাধ্যমে জনসেবা নিশ্চিত করে জনগণের আস্থা অর্জন করতে চান তিনি। এই আস্থার প্রতিফলন ঘটাতেই আগামী সিটি নির্বাচনে তিনি মেয়র পদে লড়বেন। তবে ঢাকা উত্তর না দক্ষিণ- কোন অংশে তিনি প্রার্থী হবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি বর্ষীয়ান এই রাজনীতিক।
এর আগে সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি রাজধানীর বিদ্যমান সংকটগুলো নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন।
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে সেলিমা রহমান
আব্দুস সালাম বলেন, ঢাকা বর্তমানে যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ ও অপরিকল্পিত নগরায়ণের মতো জটিল সমস্যায় জর্জরিত। কেবল সরকারি সংস্থার ওপর নির্ভর না করে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই অচলাবস্থা নিরসন সম্ভব। ট্রাফিক আইন মান্য করা এবং অবৈধ দখল উচ্ছেদে সামাজিক সচেতনতার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়ে মাঠ গরম করে রেখেছেন ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, আসন্ন সিটি নির্বাচনে তিনি ঢাকা দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ পুত্র ইশরাক হোসেন গত নির্বাচনেও এই সিটিতে ধানের শীষের প্রার্থী ছিলেন। তার এই আগাম ঘোষণা দলের ভেতরে ও বাইরে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া মো. আব্দুস সালাম ঢাকার রাজনীতির একজন পরীক্ষিত ব্যক্তিত্ব। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন। এছাড়া তিনি ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে মহানগর দক্ষিণ বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করলেও সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজে প্রার্থী না হয়ে ঢাকা-১৭ আসনে দলীয় প্রধানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ছয়টি সিটি করপোরেশনে বিএনপির ছয়জন শীর্ষ নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যারা মঙ্গলবার থেকে স্ব-স্ব দপ্তরে কাজ শুরু করেছেন। জনসেবা ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে আগামী নির্বাচনের পথ সুগম করাই এখন এই নেতাদের মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








