News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী দেশজুড়ে চলমান সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের বিরুদ্ধে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য বিক্ষোভ সমাবেশ শুরু করেছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই জোটের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়। নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা ও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে এই প্রতিবাদ সমাবেশের ডাক দেয় জোটটি।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহ-প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন জানান, সমাবেশটি নির্বাচন-পরবর্তী সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হবে, যা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত যাবে।

আরও পড়ুন: সহিংসতা রোধে আশ্বাস তারেক রহমানের, সাধুবাদ জামায়াত আমিরের

সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতারা বক্তব্য প্রদান করেন। 

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের নবনির্বাচিত এমপি সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও চাপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি নুরুল ইসলাম বুলবুল, দক্ষিণের সাধারণ সম্পাদক পটুয়াখালী-৩ আসনের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের আমির সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ড. রেজাউল করিম, মেজর (অব.) আক্তারুজ্জামান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

তথ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ফলাফল প্রকাশিত হয়েছে ২৯৭ আসনের। এর মধ্যে জামায়াত জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। জয়ী দলের মধ্যে জামায়াতে ইসলামী ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসন পেয়েছে।

বিক্ষোভ সমাবেশে নেতারা সারাদেশে চলমান সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে নিরাপদ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন। সমাবেশ শেষে বের হওয়া বিক্ষোভ মিছিল শাহবাগে গিয়ে শেষ হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়