News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সহিংসতা রোধে আশ্বাস তারেক রহমানের, সাধুবাদ জামায়াত আমিরের

সহিংসতা রোধে আশ্বাস তারেক রহমানের, সাধুবাদ জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াত আমিরের বাসভবনে পৌঁছান তিনি।

সৌজন্য সাক্ষাৎ হলেও সেখানে কুশলাদি বিনিময়ের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াত আমির শফিকুর রহমান আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানান এবং তার এই সফরকে জাতীয় রাজনীতিতে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন।

শফিকুর রহমান বলেন, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এ সাক্ষাৎ রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচনা করবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চান, যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায়বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত।

তিনি জানান, জামায়াত ১১-দলীয় জোটের সঙ্গে মিলে গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক শাসনের ভিত্তিতে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

স্ট্যাটাসে শফিকুর রহমান উল্লেখ করেন, আলোচনায় তারেক রহমান নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি এ আশ্বাসকে স্বাগত জানান এবং বলেন, কোনো নাগরিক যেন ভীতি বা নিরাপত্তাহীনতায় না ভোগেনএটাই সবার প্রত্যাশা।

জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, আদর্শিক বিরোধী দল হিসেবে ১১-দলীয় জোট সাংবিধানিক দায়িত্ব পালনে আপসহীন থাকবে। সরকারের জনকল্যাণমূলক কাজে সমর্থন দেওয়া হবে, তবে জবাবদিহিতার প্রশ্নে তারা সোচ্চার ভূমিকা রাখবেন।

আরও পড়ুন: শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী

তিনি বলেন, তাদের উদ্দেশ্য সংঘাত নয়, বরং সংশোধন; বাধা নয়, বরং দায়িত্বশীল পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংসদ চায়, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়