নিরপেক্ষ হলে ফলাফল মেনে নেব: ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষা শেষে উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে একযোগে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই গণতান্ত্রিক মহোৎসবে রাজধানীর মিরপুরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় নির্বাচনী জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় মিরপুরের ৬০ ফিট সংলগ্ন মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
এবার ঢাকা-১৫ আসন থেকে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. শফিকুর রহমান। তিনি ১১ দলীয় নির্বাচনী জোটের প্রধান এবং জামায়াতের দলীয় আমির হিসেবে ভোট দিতে আসা জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। ভোটের সময় কেন্দ্রটিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় ডা. শফিকুর রহমান বলেন, ভোট যদি নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, আমরা ফলাফল মেনে নিতে প্রস্তুত। একইভাবে অন্যদেরও এটি মেনে নিতে হবে।
তিনি আরও বলেন, আগামী সরকারের দায়িত্ব ১৮ কোটি মানুষের প্রতি থাকবে। বিশেষভাবে যুব সমাজ প্রথমবারের মতো ভোট প্রদানের সুযোগ পেয়েছে।
আরও পড়ুন: ‘এই নির্বাচনই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ’
ডা. শফিকুর রহমান মিডিয়ার ভূমিকাকে গুরুত্ব দিয়ে বলেন, গতকাল রাতের বিভিন্ন ঘটনার সংবাদ বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা চাই মিডিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করুক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সারাদেশে প্রায় ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশগ্রহণ করছে, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা কেন্দ্রীভূত হয়েছে বিএনপি সমর্থিত জোট এবং জামায়াত সমর্থিত জোটের মধ্যে।
এবারের নির্বাচনে ভোটগ্রহণ প্রায় ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভোটাররা সকাল থেকে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগে অংশ নিচ্ছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








