News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

‘এই নির্বাচনই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ’

‘এই নির্বাচনই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ’

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিন সকাল সাড়ে সাতটার পর কেন্দ্রে পৌঁছে ভোটকক্ষে প্রবেশ করে ভোট দেন মির্জা ফখরুল। 

ভোট দেওয়ার পর তিনি বলেন, গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ। এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের পর অনুষ্ঠিত এই নির্বাচনে সকলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, দিনটি সহজে আসেনি; বহু বাধা, নির্যাতন ও আত্মত্যাগের মধ্য দিয়ে নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে। আন্দোলনের সময় বহু নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেকেই প্রাণ হারিয়েছেন। জনগণের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে তা দেশের রাজনীতি ও অর্থনীতিকে ইতিবাচক ধারায় এগিয়ে নেবে বলেও তিনি মনে করেন।

আরও পড়ুন: জামায়াতের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। সারাদেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে; শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত রয়েছে।

ভোটের এই আয়োজনে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকেই ফজরের নামাজ আদায় করে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে। দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন; এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি মির্জা ফখরুলের নিজ এলাকা তাঁতিপাড়াসহ শহরের তিনটি মহল্লা নিয়ে গঠিত। এসব এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন ভোটার রয়েছেন। পুরুষ ও নারী ভোটারদের জন্য কেন্দ্রে মোট ১০টি বুথ রাখা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়