৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির সময় তার লাগেজে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তবে মেশিনে গণনা এখনও চলছে।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম গণমাধ্যমকে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে, তবে টাকার হিসাব চূড়ান্ত নয়।
আটক বেলাল উদ্দিনও একটি ভিডিওতে দাবি করেন, টাকার পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ লাখ। তার ভাষ্য, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে তিনি ওই অর্থ বহন করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তিনি জানান, টাকাগুলো তার গার্মেন্টস ব্যবসার।
আরও পড়ুন: ‘জামায়াতের শীর্ষ আইনজীবী নেতা প্রকাশ্যে টাকা দিয়ে ভোট কিনছে’
বিমানবন্দর সূত্র আরও জানায়, বিপুল অঙ্কের নগদ অর্থ বহনের উৎস ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠলে তাকে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে এবং অর্থের উৎস ও ব্যবহার খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকের পর তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
আটক বেলাল উদ্দিন ঠাকুরগাঁও সদরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। তিনি পেশায় একজন শিক্ষক এমন তথ্য পাওয়া গেছে; বিভিন্ন সূত্র অনুযায়ী তিনি সালন্দর ডিগ্রি কলেজ এবং সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার সঙ্গে যুক্ত।
এর আগে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায় এবং তার লাগেজে ৫০ লাখ টাকার বেশি অর্থ রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা। এর ঠিক আগের দিন ঠাকুরগাঁওয়ের এক জামায়াত নেতার আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








