নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার ফেরার প্রত্যাশা মির্জা ফখরুলের
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ সৃষ্টি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি দাবি করেন, এবারের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সব নির্বাচনকেই গুরুত্বের সঙ্গে দেখে এবং প্রতিপক্ষকে কখনো দুর্বল হিসেবে বিবেচনা করে না। তিনি অভিযোগ করেন, জামায়াত কৌশলগতভাবে বিভ্রান্তিকর প্রচারণা ও ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী।
আরও পড়ুন: প্রচারণা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করে ঘরে ফিরলেন তারেক রহমান
তিনি বলেন, যাকে খুশি তাকেই ভোট দিন এটাই আমাদের অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








