ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন বাকি। এই শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনের নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি। সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, নির্বাচনের ব্যয় নির্বাহ করা তার পক্ষে সম্ভব নয়।
ফেসবুক পোস্টে মাহমুদুর রহমান মান্না লিখেছেন, 'এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা, যার অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লাখের মতো ভোটার রয়েছে। তবে নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই কারণে আমি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে কষ্ট পাবেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।'
আরও পড়ুন: বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ গড়ার অঙ্গীকার নাহিদ ইসলামের
উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেখানে তার নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








