বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান
তারেক রহমান। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার নিজেদের নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান এ ইশতেহার ঘোষণা করবেন বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বার্তার মাধ্যমে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
শায়রুল কবীর খান জানান, শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার প্রকাশ করা হবে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করবেন স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে বিএনপির ৩১ দফা এবং জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশেষভাবে তরুণ ভোটারদের চাওয়া-পাওয়া এই ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব পাবে। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং কৃষক কার্ডের মতো আধুনিক সেবাসমূহ চালুর প্রতিশ্রুতি রাখা হয়েছে।
ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি দমনসহ শক্তিশালী কাঠামোর রূপরেখা থাকবে। এছাড়া মানবাধিকার রক্ষা, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি সংক্রান্ত দলের অবস্থানও তুলে ধরা হবে। আলেম-ওলামা, কৃষক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে বিশেষ অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতিও যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির সমাপনী সমাবেশ রবিবার
হোটেল সোনারগাঁওয়ের এই অনুষ্ঠানে দেশের বরেণ্য নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








