News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬

মুক্তিযুদ্ধ না করেই ‘মুক্তিযোদ্ধা’ পরিচয়ে প্রচারণা, শোকজের মুখে জামায়াত প্রার্থী

মুক্তিযুদ্ধ না করেই ‘মুক্তিযোদ্ধা’ পরিচয়ে প্রচারণা, শোকজের মুখে জামায়াত প্রার্থী

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা না হয়েও নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ উপাধি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি। 

গত সোমবার (০২ ফেব্রুয়ারি) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রধান এজেন্ট কাজী এরফানুর রহমান ওই প্রার্থীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান কমিটি সরেজমিনে তদন্ত পরিচালনা করে। 

আরও পড়ুন: শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত

তদন্তে দেখা যায়, অধ্যক্ষ শাহাবুদ্দিন প্রকৃতপক্ষে একজন মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও ভোটারদের প্রভাবিত করতে নিজের নাম ও প্রচারণার বিভিন্ন মাধ্যমে ‘মুক্তিযোদ্ধা’ শব্দটির ব্যবহার করে আসছেন।

নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি তাদের নোটিশে উল্লেখ করেছে যে, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৬-এর ১৩ ও ১৬ নম্বর বিধি অনুযায়ী এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা সুস্পষ্ট বিধিবহির্ভূত। জালিয়াতি বা ভুল তথ্য দিয়ে প্রচারণা চালানো নির্বাচনী স্বচ্ছতার পরিপন্থী হওয়ায় কেন তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে প্রার্থীর কাছে লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে।

নোটিশে আরও জানানো হয়েছে যে, নির্ধারিত তারিখে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে অধ্যক্ষ শাহাবুদ্দিনকে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য জমা দিতে হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর প্রদানে তিনি ব্যর্থ হন, তবে নির্বাচনী আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেছে কমিশন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়