News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২০, ৪ ফেব্রুয়ারি ২০২৬

নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন ডা. জুবাইদা রহমান

নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন ডা. জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে শ্রমের মর্যাদা নিশ্চিত করে সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সভায় কড়াইল, ভাষানটেক ও সাততলা এলাকার রিকশাচালক, বাসচালক, পোশাককর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, ব্যাংকার, সিস্টার্স অ্যাসোসিয়েশনসহ নানা পেশার মানুষ অংশ নেন।

দীর্ঘ সময় পর সপরিবারে দেশে ফেরার পর এটিই কোনো রাজনৈতিক অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানের প্রথম আনুষ্ঠানিক বক্তব্য। এর আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তারেক রহমানের সঙ্গে উপস্থিত থাকলেও তিনি বক্তব্য দেননি।

বক্তব্যের শুরুতেই ডা. জুবাইদা রহমান বর্তমান সময়ের জনদুর্ভোগ ও নাগরিক সমস্যার কথা স্বীকার করে বলেন, দেশের মানুষের সমস্যার অন্ত নেই। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান যে, বিএনপির রাজনীতি মূলত সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। সঠিক এবং বিজ্ঞানসম্মত পরিকল্পনার মাধ্যমেই এই বিশাল জনপদের সকল স্তরের মানুষের সমস্যা সমাধান সম্ভব। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয় দেখার সময় এসেছে।

তিনি বলেন, আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ এই বিশ্বাস নিয়েই আমরা এগোতে চাই।

রাষ্ট্র পরিচালনায় বিএনপির লক্ষ্য তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ উপহার দিতে চাই যেখানে শ্রমের মর্যাদা, মেধার সঠিক মূল্যায়ন এবং সুবিচার নিশ্চিত হবে। আমাদের মূলনীতি হলো ‘শোষণের আগে অধিকার’। মেধাভিত্তিক চাকরি এবং ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলব।

আরও পড়ুন: ফরিদপুরে দুর্নীতির মেগা প্রকল্প বন্ধের প্রতিশ্রুতি তারেক রহমানের

ভেদাভেদের আগে সমতা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য বলেও জানান তিনি।

সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, জনগণের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কীভাবে একটি সুন্দর, সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায় সে লক্ষ্যেই বিএনপি কাজ করছে। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যোগ করেন তিনি।

সভায় উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, আপনারা মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো জানিয়েছেন। আমরা সাধ্যমতো সেগুলো আরও শুনব, আরও জানব এবং একে অপরকে জানার মাধ্যমে সমাধানের পথ খুঁজব।

স্থানীয় বাসিন্দারা সভায় রাস্তা-ঘাট উন্নয়ন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, খেলার মাঠ নির্মাণ, হাসপাতাল স্থাপন, শিল্প প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার তৈরি, নারী কর্মীদের ওপর নির্যাতন বন্ধ, যানজট নিরসন, বস্তিবাসীর স্থায়ী পুনর্বাসন, গণপরিবহনের ড্রাইভিং লাইসেন্স পেতে দুর্নীতি দূর করা এবং সড়কের আলোকসজ্জা উন্নত করার মতো বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৭ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমানের প্রধান নির্বাচনী সমন্বয়ক ও প্রধান এজেন্ট আব্দুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকীসহ দলের অন্যান্য নেতারা। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কয়েকজন বক্তব্য দেন।

এ সময় জানানো হয়, আগামী শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। এতে সব শ্রেণি-পেশার মানুষের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে দলের রূপরেখা তুলে ধরা হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়