News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের প্রস্তুতিতে কড়াইলে ফ্রি ওয়াইফাই চালু বিএনপির

নির্বাচনের প্রস্তুতিতে কড়াইলে ফ্রি ওয়াইফাই চালু বিএনপির

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে বসবাসরত মানুষের জন্য বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা চালু করেছে বিএনপি। 

বুধবার (০৪ ফেব্রুয়ারি) কড়াইল বস্তির জামাইবাজার মাঠে ‘চেতনা বাংলাদেশ’ নামক সংগঠনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়। 

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হলে দেশ শুধু একজন প্রধানমন্ত্রীই পাবে না, বরং একজন সমাজ সংস্কারক ও অর্থনৈতিক সংস্কারক পাবে। তার নেতৃত্বে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ সার্বিক উন্নয়ন অনন্য উচ্চতায় পৌঁছাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকা জামায়াতে ইসলামীর প্রার্থীর সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সমাজসেবার চেয়ে সেখানে গুন্ডামির প্রবণতাই বেশি দৃশ্যমান। ক্যান্টনমেন্ট এলাকায় সেনা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং একটি ব্যাংকে ঢুকে ম্যানেজারকে মারধরের মতো ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ইতিহাসে যেমন দেখা গেছে কেউ কেউ ইসলামের কথা বললেও প্রকৃত লক্ষ্য ছিল ক্ষমতা- এক্ষেত্রেও তেমন আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। 

তার ভাষায়, নির্বাচনের শেষ পর্যায়ে এসে একটি দল বেপরোয়া আচরণ করছে।

আরও পড়ুন: ফরিদপুরে দুর্নীতির মেগা প্রকল্প বন্ধের প্রতিশ্রুতি তারেক রহমানের

তিনি আরও বলেন, তারেক রহমান নির্বাচিত হয়ে জনগণের ম্যান্ডেট পেলে ঢাকা-১৭ আসনকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হবে। ভবিষ্যৎ বাংলাদেশ হবে সবার জন্য সমান অধিকারভিত্তিক যেখানে শুধু ক্ষমতাবানদের সন্তান নয়, সাধারণ মানুষের ছেলেমেয়েরাও মন্ত্রী ও সংসদ সদস্য হওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানান এবং বলেন, বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।

অনুষ্ঠানে ‘চেতনা বাংলাদেশ’-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম জানান, আজ থেকে কড়াইলের এই এলাকায় ফ্রি ওয়াইফাই চালু হলো, ফলে স্মার্ট ডিভাইস ব্যবহারকারী সবাই বিশেষ করে শিক্ষার্থীরা বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা পাবেন। 

তিনি বলেন, চেতনা বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন, যা বহু বছর ধরে মানুষের কল্যাণে কাজ করছে এবং করোনাকালসহ দেশের বিভিন্ন এলাকায় নানা সামাজিক উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, ঢাকা-১৭ আসনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি টিঅ্যান্ডটি মাঠে কড়াইলের স্থানীয় দলগুলোকে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। ফ্রি ওয়াইফাই সেবা ধাপে ধাপে পুরো কড়াইল এবং ভবিষ্যতে ঢাকা-১৭ আসনজুড়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বনানী লেক পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নসহ আরও উন্নয়নমূলক কাজ করার লক্ষ্যও রয়েছে বলে জানান তিনি।

হুমায়ুন কবির আশা প্রকাশ করে বলেন, তারেক রহমান নির্বাচিত হলে ঢাকা-১৭ আসনের পরিবেশ ও জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়