শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু
নুরুজ্জামান বাদল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ময়মনসিংহ নেওয়ার পথে রাত আনুমানিক ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃতের ভাই মাসুদ বাদল জানান, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আরও পড়ুন: পরবর্তী সরকারপ্রধান হওয়ার প্রধান দাবিদার তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
এদিকে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেন। পোস্টে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানানো হয়।
নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর জেলায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।








