শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে দলীয় নেতাদের সঙ্গে উপস্থিত হয়ে কবর জিয়ারত করেন ) তিনি।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে সড়কপথে রওয়ানা দেন। পথে কয়েকটি পথসভায় বক্তব্য দেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন।
কবর জিয়ারত শেষে তারেক রহমান শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি শহীদ আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সান্তনা দেন। শহীদ আবু সাঈদের হত্যার বিচারের দাবি করেন তার বাবা।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর তারেক রহমান সড়কপথে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় যোগ দেবেন।
আরও পড়ুন: ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








