ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বগুড়ায় নির্বাচনী পথসভায় অংশ নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।
শুক্রবার বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন,ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।
পথসভায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম বক্তব্য দেন।
এর আগে দুপুর আড়াইটায় তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে বগুড়ার মহাস্থানগড় এ হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহিসওয়ারের (র.) মাজার জিয়ারত করেন। শহরের বিভিন্ন এলাকায় পথে পথে লোক সমাবেশ হয় এবং বগুড়াবাসী পথের পাশে দাঁড়িয়ে নেতাকে স্বাগত জানান।
তারেক রহমান বগুড়ার নাজ গার্ডেনের বল রুমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই ভাই-বোন, আমাদের সমাজ ও পরিবারের অংশ। তাদের মধ্যে অনেক প্রতিভা আছে, যা আমাদের অনেকের মধ্যে নেই। তাই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে।
প্রধান অনুষ্ঠানেই তিনি আরও বলেন, আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ব, যেখানে সকল মানুষ সমান মর্যাদা পাবে। প্রতিবন্ধীদের সব ক্ষেত্রে সুযোগ করে দেওয়া হবে, যাতে তারা দুনিয়ার আলো বাতাসে অন্যদের মতো বাঁচতে পারে। এটি আমাদের সকলের দায়িত্ব।
আরও পড়ুন: নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি
অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান বলেন, আমি দীর্ঘদিন পর বগুড়ায় এসেছি, খুব ভালো লাগছে। প্রথমে শহীদ জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে স্মরণ করি। প্রতিবন্ধীদেরকেও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে। আজকের শিশুরা আগামী দিনে দেশের মহান সৈনিক হবে।
ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে ২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় প্রতিবন্ধী শিশুরা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি পরিবেশন করে এবং তাদের তৈরি বিভিন্ন উপহার তুলে দেন তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








