হাদির জানাজা দুপুর ২টায়, মানতে হবে যেসব নির্দেশনা
ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বর্তমানে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস উইং জানায়, জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনার কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এ সময় মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
ডিএমপি বিকল্প সড়ক ব্যবহারের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে।
বিকল্প সড়কগুলো-
১. মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে গমন করবে।
২. ফার্মগেট টু মানিক মিয়া এভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট হতে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিং এর দিকে গমন করবে।
৩. ধানমন্ডি হতে ফার্মগেটগামী যানবাহন ধানমন্ডি ২৭ হতে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমনাগমন করবে।
৪. আসাদগেট হতে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমন করবে।
৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।
৬. মিরপুর রোড হতে ধানমন্ডি ২৭ গামী যানাবাহন মানিক মিয়া এভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে গমনাগমন করবে।
৭. এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহন সমূহকে জানাজা নামাজ চলাকালীন সময়ে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।
এদিকে, জানাজা ঘিরে ফার্মগেট ও বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছে এমআরটি পুলিশ।
শুক্রবার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এমআরটি পুলিশ জানায়, জানাজা চলাকালে ওই এলাকাগুলোতে ভারি ব্যাগ বহনে নিরুৎসাহিত করা হচ্ছে এবং ড্রোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিরাপত্তা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা
শরিফ ওসমান হাদি ছিলেন ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতা। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার তার মরদেহ দেশে আনা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








