তারেক রহমান চাইলে লন্ডন থেকেও ভোটার হতে পারবেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে অনেকের মাঝে প্রশ্ন রয়েছে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি ভোটার বা প্রার্থী হতে পারবেন?
তফসিল ঘোষণার পরই বিষয়টি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, সংবিধান ও ভোটার তালিকা আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতার কোনোটি লঙ্ঘন না হলে তারেক রহমানের ভোটার বা প্রার্থী হতে আইনগত বাধা নেই।
ভোটার তালিকা বিধিমালার ১১(১০) অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশে অবস্থানকারী বাংলাদেশি নাগরিক ফরম–২ পূরণ করে দেশ বা বিদেশের সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে কিংবা অনলাইনে আবেদন করে ভোটার হতে পারেন।
ইসির মতে, যোগ্যতা থাকলে কমিশন যেকোনো সময় নতুন ভোটার অন্তর্ভুক্ত করতে পারে। তাই চাইলে তারেক রহমান লন্ডন থেকেই ভোটার হতে পারবেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আইন কমিশনকে তফসিল ঘোষণার পরও নতুন ভোটার যুক্ত করার ক্ষমতা দিয়েছে। তাই তারেক রহমানের ভোটার হতে কোনো বাধা নেই। তবে প্রার্থী হতে হলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের মধ্যেই তাকে ভোটার হতে হবে।”
সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশি নাগরিক হতে হবে, বয়স অন্তত ২৫ বছর।
মানসিক ভারসাম্যহীন, ফেরারি আসামি, দেউলিয়া, বিদেশি নাগরিকত্বধারী বা নৈতিক স্খলনজনিত অপরাধে ২ বছর বা তার বেশি দণ্ডপ্রাপ্ত হলে প্রার্থী হওয়া যাবে না (কারামুক্তির পর ৫ বছর না পেরোলে)।
মনোনয়নপত্র নিজে, প্রস্তাবক বা সমর্থকের মাধ্যমে দাখিল করা যাবে। দেশে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। ডাকযোগে বা প্রতিনিধি মারফত পাঠানোও সম্ভব।
ইসি কর্মকর্তারা জানান, তারেক রহমান যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন, তবে তার ভোটার বা প্রার্থী হতে কোনো আইনি বাধা নেই।
আরও পড়ুন: ১৯৭১-এর প্রজন্মকে আঘাত, বিভ্রান্তি রোধের নির্দেশ ফখরুলের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “তারেক রহমান দেশে এসে ভোটার হয়ে যাবেন। এতে কোনো সমস্যা হবে না।”
নির্বাচনী সময়সূচি- মনোনয়ন দাখিল: ২৯ ডিসেম্বর, বাছাই: ৩০ ডিসেম্বর–৪ জানুয়ারি, আপিল: ১১ জানুয়ারি পর্যন্ত, আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি, প্রচারণা: ২২ জানুয়ারি–১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত।
নিউজবাংলাদেশ.কম/এসবি








