News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০১, ১১ ডিসেম্বর ২০২৫

১৯৭১-এর প্রজন্মকে আঘাত, বিভ্রান্তি রোধের নির্দেশ ফখরুলের

১৯৭১-এর প্রজন্মকে আঘাত, বিভ্রান্তি রোধের নির্দেশ ফখরুলের

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াই দেশের রাজনীতিতে সবচেয়ে কঠিন লড়াই হবে বলে মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনে জয়ী হতে হলে শুধু নেতাকর্মীর শক্তি নয়, জনগণের ভালোবাসা অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচন কোনো দলের একতরফা নির্বাচন নয়। এবার ভোট হবে নিরপেক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি একটি প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, এই লড়াই হচ্ছে পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করার লড়াই।

আরও পড়ুন: ‘ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায় একটি গোষ্ঠী’

ফখরুল আরও বলেন, দেশের নতুন একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে পরিচয় দিতে চাচ্ছে। কিন্তু দেশের যে কোনো সংস্কার এসেছে, তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের যা কিছু ভালো অর্জন আছে, সবই বিএনপির মাধ্যমে সম্ভব হয়েছে।

মহাসচিব এই নির্বাচনের প্রেক্ষাপটে দলের সদস্যদেরকে সতর্ক করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। ১৯৭১-এর প্রজন্মকে নিকৃষ্ট প্রজন্ম বলার এবং ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা রুখতে হবে।

নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের সুযোগ তৈরি হয়েছে। নেতা-কর্মীরা কে নমিনেশন পেয়েছে বা পায়নি তা নিয়ে ভাবার প্রয়োজন নেই; দলের জয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য বিএনপির নির্বাচনী প্রস্তুতি ও দলের রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্টভাবে উপস্থাপন করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়