জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩০, ২৩ মে ২০২৬
আপডেট: ১৭:৩৯, ২৩ মে ২০২৬

আইনের দৃষ্টিতে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী

আইনের দৃষ্টিতে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী

কথা বলছেন প্রধানমন্ত্রী তাকের রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, আইনের দৃষ্টিতে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে।

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, সবকিছুর জন্য একটা নিয়ম আছে। বিচার করতে হলে সরকারের কিছু নিয়ম-কানুন আছে। এসব নিয়মের মধ্য দিয়ে বিচার হবে। তবে কিছু সংখ্যক মানুষ এটা নিয়ে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, কিছু সংখ্যক মানুষ রাস্তা বন্ধ করছে, যান চলাচল বন্ধ করে দিচ্ছে, আগুন ধরাচ্ছে ও উত্তেজনা ছড়াচ্ছে। তারা আসলে আইনের শাসন বাঁধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন: ‘পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোন প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রী জানান, অন্তবর্তী সরকারের আমলে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে, বিএনপি তখন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। তখন কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি। যারা এখন হইচই করছে, তাদেরকে সে সময় পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, যারা এখন দেশে ঘোলাটে পরিস্থিতি করতে চায় বা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তারা মানুষের কথা বলে না, শিশুদের সুবিধার কথা চিন্তা করে না। যারা এমন পরিস্থিতি করতে চায়, তাদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ ৫ আগস্টে যাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, বিতাড়িতদের সঙ্গে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে, যেভাবে ছিয়ানব্বই ও ছিয়াশি সালে করেছিল। তবে তাদের সঙ্গে নতুন কয়েকটি লেজও গজিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়