নির্বাচন উপলক্ষ্যে টঙ্গীতে বিশ্ব ইজতেমা স্থগিত
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন-পূর্ব সময়ে ওই এলাকায় কোনো ধরনের সমাবেশ বা বড় আয়োজন না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে।
তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে খুরুজের জোড় উপলক্ষে টঙ্গী ইজতেমা মাঠে যে প্যান্ডেলগুলো নির্মাণ করা হয়েছিল, তা ইতোমধ্যে খুলে ফেলার কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুরুজের জোড়ে যারা অংশ নিতেন, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় চিল্লা ও তিন চিল্লার জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদেরকে নিজ নিজ জেলা ও এলাকা থেকে আলাদা করে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা পাঁচ দিনের জোর থেকে আল্লাহর রাস্তায় বের হয়েছেন, তাদেরকেও ইজতেমা মাঠে আসার পরিবর্তে ওয়াক্ত পুরা করে চলে আসার জন্য মুরুব্বিরা জানিয়েছে। টঙ্গী মাঠে কোনো ধরনের জমায়েত হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখা থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার স্বার্থে নির্বাচন-পূর্ব সময়ে টঙ্গী ইজতেমা ময়দানে কোনও ধরনের সমাবেশ বা অনুষ্ঠান না করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তি পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে মাঠের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে।
আরও পড়ুন: ২০২৫ সালে চরম বিপর্যয়ে দেশের মানবাধিকার, মব জাস্টিসে মৃত্যু ১৯৭
উল্লেখ্য, মাদ্রাসা উলুমি দীনিয়া মালওয়ালী মসজিদের খতিব ও প্রিন্সিপাল এবং তাবলিগ জামাতের আহলে সুরার সদস্য মোহাম্মদ জুবায়ের আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগামী ২–৪ জানুয়ারি ‘খুরুজের জোড়’ এবং ২২–২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতির জন্য আবেদন করেছিলেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের আগে মাঠে কোনও ধরনের সমাবেশ বা বড় আয়োজন অনুমোদিত হবে না।
হাবিবুল্লাহ রায়হান বলেন, আমাদের মুরুব্বিরা সবসময় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। এবারও তার ব্যতিক্রম হয়নি। নির্বাচনের পরেই বিশ্ব ইজতেমা আয়োজনের নতুন তারিখ নির্ধারণ করা হবে।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পুলিশের মহাপরিদর্শক (আইজি), গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে বিষয়টি বাস্তবায়নের জন্য চিঠি দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








