ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে বিশ্ববাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
ছবি: সংগৃহীত
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষ্যে দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩১ ডিসেম্বর) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
ড. ইউনূস বাণীতে বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ।
তিনি আরও বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এ আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথচলার জন্য যোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা।
আরও পড়ুন: ‘এমন নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয়’
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। নতুন বছরে সকল চ্যালেঞ্জ একসাথে মোকাবিলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব।
ড. ইউনূস বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা আমরা শুরু করেছি, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি।
তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে এই নির্বাচন ও গণভোট আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।
ড. মুহাম্মদ ইউনূসের এই বার্তায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন বছরের জন্য আশাবাদ, গণতান্ত্রিক অগ্রগতি এবং সামাজিক সাম্যের ওপর জোর দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








