জনগণের সক্রিয় অংশগ্রহণে বর্জ্য পোড়ানো নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ
ফাইল ছবি
দেশের ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবার সাধারণ জনগণকে সরাসরি সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, যেকোনো স্থানে বর্জ্য পোড়ানোর ঘটনা নজরে এলে তা ছবি হিসেবে পাঠানো গেলে নাগরিকদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কারের সুযোগ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বায়ুদূষণ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। যানবাহনের ধোঁয়া, ইটভাটার নির্গমন, শিল্পকারখানার ধোঁয়া এবং খোলা জায়গায় বর্জ্য পোড়ানোর কারণে দেশের বায়ুর মান দিন দিন উদ্বেগজনকভাবে অবনত হচ্ছে। এর ফলে শ্বাসতন্ত্রের রোগসহ শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষের মধ্যে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
আরও পড়ুন: নতুন উপদেষ্টাদের শপথ আয়োজনে ধীরগতির নির্দেশ মন্ত্রিপরিষদের
সরকার এই পরিস্থিতি মোকাবিলায় বায়ুদূষণের উৎস চিহ্নিত ও নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। বর্জ্য পোড়ানোকে অন্যতম দূষণ উৎস হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে যেসব স্থানে নিয়মিত বর্জ্য পোড়ানো হয়, সেসব এলাকার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করতে মন্ত্রণালয় দেশের সকল নাগরিককে আহ্বান জানিয়েছে, বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে তা ছবি হিসেবে সরকারের ই-মেইল ঠিকানা climatechange2@moef.gov.bd-এ পাঠাতে। ছবির সঙ্গে অবশ্যই প্রেরকের নাম, মোবাইল নম্বর, ছবির অবস্থান, এলাকার সঠিক ঠিকানা এবং ঘটনার সময় উল্লেখ করা বাধ্যতামূলক।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলো যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে। নির্বাচিতদের যথোপযুক্ত পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি হবে এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ একটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ এই উদ্যোগের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ শুধু দূষণ কমাতে সাহায্য করবে না, একই সঙ্গে পরিবেশ রক্ষায় দায়বদ্ধতার সচেতনতা বৃদ্ধি করবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








