News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১১, ২৩ ডিসেম্বর ২০২৫

নতুন উপদেষ্টাদের শপথ আয়োজনে ধীরগতির নির্দেশ মন্ত্রিপরিষদের

নতুন উপদেষ্টাদের শপথ আয়োজনে ধীরগতির নির্দেশ মন্ত্রিপরিষদের

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে শপথ আয়োজনকে কিছুটা ধীরে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা। 

তিনি বলেন, শপথ অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়নি। তবে প্রশাসনিক কারণে আয়োজনের কার্যক্রম ধীরে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

অপর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। চিঠিটি এক উপসচিব স্বাক্ষরিত এবং এতে বলা হয়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হবে।

চিঠিতে শপথ অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশিষ্টজনদের যাতায়াত নিরাপত্তা এবং নতুন উপদেষ্টাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও একাধিক গানম্যান প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে, কতজন উপদেষ্টার শপথ হবে সে বিষয়ে চিঠিতে কোনো তথ্য দেওয়া হয়নি।

রাতের দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ফোনের মাধ্যমে পুনরায় শপথ আয়োজনের কার্যক্রম ধীরে চলার নির্দেশ দেওয়া হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, এটি শুধুমাত্র সময়সূচি নিয়ন্ত্রণ সংক্রান্ত ব্যবস্থা, অনুষ্ঠান বাতিল বা স্থগিতের নির্দেশ নয়।

এভাবে মঙ্গলবারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়