সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাইবার নিরাপত্তা জোরদার করার নির্দেশ প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত
আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রবিবার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, 'নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে আমাদের তথ্য-প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে। নাগরিক সেবা অনলাইনে সুরক্ষিত রাখার জন্য সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি।'
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ রাখতে হবে এবং জড়িত জনবলকে আরও দক্ষ করতে হবে। এছাড়া প্রতিষ্ঠান এবং জনবলকে রেটিং পদ্ধতির আওতায় আনা হবে যাতে সাইবার নিরাপত্তার প্রকৃত মূল্যায়ন সহজ হয়। ফিন্যানশিয়াল সেক্টরে কোনো অপরাধ কেউ পার পেতে না পারে, সেজন্য জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের সঙ্গে কার্যকর ভূমিকা পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতিমধ্যে ৩৫টি প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং আরও কিছু প্রতিষ্ঠান অন্তর্ভুক্তির প্রস্তাব আছে।
প্রধান উপদেষ্টা গুজব, মিসইনফরমেশন ও অন্যান্য সাইবার অপরাধ প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসির সমন্বয় বাড়ানোর গুরুত্বও আরোপ করেন।
আরও পড়ুন: ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








