News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২০, ২৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:২০, ২৮ ডিসেম্বর ২০২৫

১০ দিনের মধ্যে হাদি হত্যার তদন্ত প্রতিবেদন জমা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০ দিনের মধ্যে হাদি হত্যার তদন্ত প্রতিবেদন জমা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত আগামী ১০ দিনের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, মামলার তদন্তের অগ্রগতি যথেষ্ট হয়েছে এবং চার্জশিট প্রদানের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ হত্যা মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, আর ৪ জন সাক্ষী ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছেন। হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ছোরা, মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট, ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির খোসা ও ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের মোট ২১৮ কোটি টাকার চেক সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

তিনি জানান, মামলার চার্জশিট আগামী ১০ দিনের মধ্যে (৭ জানুয়ারি ২০২৬) দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে ব্যাঘাত সৃষ্টির জন্য ফ্যাসিস্ট ও দুষ্কৃতকারীরা সক্রিয় রয়েছে। তাই সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সুযোগসন্ধানী, সুবিধাবাদী ও খোলস পাল্টানো দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, গত ১৩ ডিসেম্বর থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৯৯৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১০২টি আগ্নেয়াস্ত্র, ৫৫৩ রাউন্ড গুলি, ১৬৯ রাউন্ড কার্তুজ, ৮৯টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। মোট ২২,৩৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, ময়মনসিংহে ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একইভাবে নারায়ণগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় মাদ্রাসা বিল্ডিংয়ে বিস্ফোরণের ঘটনায় র‍্যাব ৫-৬টি ককটেল, ১২ ড্রাম হাইড্রোজেন পার অক্সাইড ও অন্যান্য কেমিক্যালসহ উদ্ধার করেছে, এবং আলামিনের সহযোগী আহসান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: চাকরি হারালেন ৪ সহকারী পুলিশ সুপার

উপদেষ্টা সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হত্যার বিচার সম্পন্ন করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়