শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, ৪ স্তরের নিরাপত্তা
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তারেক রহমানের আগমন ঘিরে সাভার-আশুলিয়া এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনে দলীয় প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জানান, প্রায় এক লাখ নেতাকর্মী স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত থাকতে পারেন।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আজ স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে কি না- সে বিষয়ে সকালে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম জানান, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপি সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর তারেক রহমান প্রথমে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
আরও পড়ুন: শুক্রবার ৩০০ ফিটের বর্জ্য অপসারণ করবে বিএনপি
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনায় অংশ নেন। তার স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








