News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:৩০, ২৩ ডিসেম্বর ২০২৫

আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া ইসিকে সহযোগিতা সম্ভব নয়: আইজিপি

আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া ইসিকে সহযোগিতা সম্ভব নয়: আইজিপি

লিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: সংগৃহীত

সব জায়গায় আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে না পারলে নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে ডিসি ও এসপিদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী বদ্ধপরিকর। নির্বাচনের আগে পুলিশ সক্ষমতা অর্জন করেছে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা তাদের রয়েছে।

তিনি আরও বলেন, সর্বশক্তি দিয়ে নির্বাচন সফল করতে চায় পুলিশ। তবে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের পূর্ণ সমর্থন প্রয়োজন।

একই সভায় জনপ্রশাসন সচিব এহছানুল হক বলেন, অতীতে জনপ্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সরকার ও নির্বাচন কমিশনের সহযোগিতা এবং আশ্বাস পেলে মাঠ প্রশাসন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।

মাঠ প্রশাসনের সক্ষমতা প্রমাণে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় সুরক্ষা ও প্রটেকশন চেয়েছেন জনপ্রশাসন সচিব।

এদিকে আইনের শাসন নিশ্চিত করতে ডিসি ও এসপিদের প্রতি কঠোর নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, দেশ এখন একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনায় ঢাকার তীব্র নিন্দা

ডিসি ও এসপিদের উদ্দেশে সিইসি বলেন, আপনারা মাঠে কাজ না করলে কোনো অথরিটি কার্যকর হবে না। আপনাদের আলাদা করে বুঝিয়ে বলার প্রয়োজন নেই- আপনারা দায়িত্ব জানেন।

তিনি আরও বলেন, যে দায়িত্ব কাঁধে এসেছে, তাতে কোনো ধরনের বিচ্যুতি চলবে না। আইন সবার জন্য সমান- অপরাধী কাউকেই ছাড় দেওয়া যাবে না। খারাপ নির্বাচনের অপবাদ ঘুঁচিয়ে দিতে এই নির্বাচনকে দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করতে চায় নির্বাচন কমিশন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়