ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনায় ঢাকার তীব্র নিন্দা
ছবি: সংগৃহীত
ভারতের নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসস্থলের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থি গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কূটনৈতিক মিশনগুলোতে পরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শন শুধু কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করছে।
এ অবস্থায় ভারত সরকারকে এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী ভারত সরকার কূটনীতিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে।
আরও পড়ুন: একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন
উল্লেখ্য, এর আগে গত ১৪ ডিসেম্বর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সে সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধ, তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণের আহ্বান জানানো হয়। পাশাপাশি নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্বেগও জানানো হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








