News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৪, ২২ ডিসেম্বর ২০২৫

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সব কনসুলার সেবা ও ভিসা স্থগিত

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সব কনসুলার সেবা ও ভিসা স্থগিত

ফাইল ছবি

নতুন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সার্ভিস এবং ভিসা দেওয়া স্থগিত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক নোটিশে এই তথ্য জানানো হয়। নোটিশে এসব পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

ঘটনার পেছনের প্রেক্ষাপট হিসেবে জানা গেছে, গত শনিবার (২০ ডিসেম্বর) এবং রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থী একটি সংগঠনের ২০-২৫ জন সমর্থক বিক্ষোভ প্রদর্শন করে। তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে। এ ছাড়া রোববার শিলিগুঁড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালানো হয় এবং ভাঙচুর করা হয়।

আরও পড়ুন: দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

গত ১২ ডিসেম্বর ঢাকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তার সন্দেহভাজন হামলাকারী ‘ভারতে পালিয়েছেন’ এমন খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকায় প্রধানত ভারতবিরোধী প্রচারণা নতুন গতি পেয়েছে। এই পরিস্থিতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দিল্লিতে হাইকমিশনের পরিবারের সদস্যরা নিরাপত্তার জন্য ঝুঁকি ও হুমকি অনুভব করছেন। বিশেষ করে, শনিবার রাতে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ সদস্যের একটি দল হাইকমিশনের সামনে অবস্থান করে প্রায় ২০ মিনিট বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।

এই ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রবিবার ঢাকায় সাংবাদিকদের জানান, কূটনৈতিক এলাকায় হাইকমিশনের অবস্থান অত্যন্ত নিরাপদ, এবং সেখানে হিন্দু চরমপন্থীরা অনধিকার প্রবেশ করতে পারবে না। তবে এই হুমকি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে হাইকমিশন সব কনসুলার সেবা এবং ভিসা প্রদানে সাময়িক বিরতি ঘোষণা করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়