‘হাদি হত্যার প্রধান আসামির অবস্থান নিশ্চিত নয়, অভিযান অব্যাহত’
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে চিহ্নিত ফয়সালকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তবে হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিশ্চিত তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যদি কোথায় আছে জানতাম, ধরেই ফেলতাম। যদি আমাদের ওইরকম খবর থাকতো ধরেই ফেলতাম। কোথায় আছে? দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। কিন্তু আমরা সঠিক স্থান জানলে ধরে ফেলতাম।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের মূল হোতা যে ফয়সাল, সেটি ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে এবং তাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে।
এর আগে একই ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যদি এখন তাদের অবস্থান জানতাম, ধরে ফেলতাম। তারা দেশেও থাকতে পারে, বাইরে থেকেও থাকতে পারে। তবে সঠিক স্থান জানা থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তা অবিলম্বে ধরত।
আরও পড়ুন: হাদির খুনির শেষ অবস্থানের সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজি
তবে পরবর্তী সময়ে হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি সম্পর্কে আরেক বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিপ্লবী শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সালের অবস্থান শনাক্ত করা হয়েছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফয়সালকে গ্রেফতারে অভিযান জোরদার করেছে এবং খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, তদন্ত সঠিক পথেই এগোচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনে থাকা সব ব্যক্তি ও নেপথ্য শক্তিকে আইনের আওতায় আনা হবে।
এদিকে নিজের পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যদি পদত্যাগ করতাম, তাহলে তো এখানে বসতাম না।
উল্লেখ্য, রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠন দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচি ও প্রতিবাদ জানিয়ে আসছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








