News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩০, ২০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৩৬, ২০ ডিসেম্বর ২০২৫

জাতীয় কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ওসমান হাদি

জাতীয় কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ওসমান হাদি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে। সেখানে তাকে দাফনের প্রস্তুতি নেয়া হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে কবর খননের কাজ শুরু হয়। সেখানে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও প্রক্টরিয়াল দলের সদস্যরা।

কবর খননের কাজে যুক্ত আল-আমিন নামে একজন বলেন, ‘হাদি ভাইয়ের কবর খোঁড়ার জন্য শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে স্যারেরা ডাইকা আনছে। জীবনে অনেক কবর খুঁড়ছি। তার (হাদির) জন্য মনে অনেক কষ্ট লাগতাছে। উনিতো একজন দেশপ্রমিক আছিলো। সারা দেশের জন্য উনার মায়া আছিলো। আমাদের জন্য মায়া আছিলো।’

বেলা দুইটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সেখানে মানুষের ঢল নেমেছে। এরপর হাদির মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান। তার মরদেহ গতকাল সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। রাখা হয় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্গে। শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়