News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪০, ২০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:৪৮, ২০ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল

ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায়। সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে দলে দলে আসছে মানুষ। দুপুর ১টা থেকে লাখো মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ। মানুষের উপস্থিতি আরও বাড়ছে।

এদিকে, জানাজায় অংশ নিতে আসা মানুষদের চেক করতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীও। দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা বলছেন, হাদির জানাজাস্থল আশপাশের খামার বাড়ি, ফার্মগেট ও মিরপুর-ধানমন্ডি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে।

ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দলের লোকজনকে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

শনিবার (২০ ডিসেম্বর) ময়নাতদন্ত বেলা ১১টা ৪০ মিনিটে শেষ হয়। এর আগে এদিন সকাল ৯টা ৪০ মিনিটে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় হাদির স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হাদিকে শেষ গোসল করানো হবে। এরপর মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর দুইটায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইং বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। এছাড়া সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: হাদির মরদেহ ময়নাতদন্ত শেষে ফের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এই উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

শরিফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতা ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তার মরদেহ শুক্রবার ঢাকায় পৌঁছানো হয়।

আজ বাদ জোহর জানাজার পর তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়