সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৫ জনের মামলার রায় ৪ মার্চ
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও আরও দুজনকে হত্যার অভিযোগে করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে রায় আগামী ৪ মার্চ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।
মামলায় গ্রেফতার রয়েছেন- রামপুরা থানার তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। অন্য আসামিদের মধ্যে পলাতক রয়েছেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভুঁইয়া।
আরও পড়ুন: বিমানের সাবেক এমডি ৫ দিন ও স্ত্রী ৭ দিনের রিমান্ডে
এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। ওইদিন আসামিদের খালাস দাবি করেন তাদের আইনজীবীরা। তবে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির আবেদন জানায়।
এ মামলায় মোট ১৪ জন সাক্ষ্য দিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








