হাসিনাকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
ফাইল ছবি
রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ছয় আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। আদালত একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য ৮ মার্চ দিন ধার্য করেছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।
মামলায় মোট আটজন আসামি রয়েছেন। আজ আদালতে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু গ্রেফতার থাকা দুইজন ছাড়া বাকিদের জন্য আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। পলাতক অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।
আরও পড়ুন: ফ্ল্যাট দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ‘অপারেশন স্ট্রম-২৬’ পরিচালনা করে এবং ৯ তরুণকে হত্যা করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








