গুমের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিচার শুরুর আদেশ
ফাইল ছবি
আওয়ামী লীগ সরকারের শাসনামলে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ২৬ জনকে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ সেনা কর্মকর্তাসহ মোট ১৩ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, জেআইসি সেলে সরকারবিরোধী ব্যক্তিদের শতশত মানুষকে অবৈধভাবে আটক রেখে ভয়াবহ নির্যাতন করা হয়। আব্দুল্লাহ হিল আমান আজমী ও মাইকেল চাকমাসহ অন্তত ২৬ জন এই নির্যাতনের শিকার হন। রাষ্ট্রপক্ষের দাবি, এসব গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা, যা বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক ও অন্যান্য সেনা কর্মকর্তারা।
প্রসিকিউশনের পক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ও ব্যারিস্টার শাইখ মাহদী আদালতে অভিযোগ গঠনের প্রক্রিয়া পরিচালনা করেন।
মামলায় ১৩ জন আসামির মধ্যে বর্তমানে তিনজন গ্রেফতার আছেন। তারা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী।
আরও পড়ুন: কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পলাতক ১০ আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লে. জেনারেল (অব.) তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল (অব.) হামিদুল হক, মেজর জেনারেল (অব.) তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ, লে. কর্নেল (অব.) মখছুরুল হক।
পলাতকদের পক্ষে ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মো. আমির হোসেন, স্টেট ডিফেন্স আইনজীবী আজিজুর রহমান দুলু ও অন্যান্য আইনজীবী শুনানি করেন।
আদালত আজ অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করলেও প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। অভিযোগ গঠনের সময় আদালত উপস্থিত তিনজন গ্রেফতার আসামিকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা সম্পর্কে জিজ্ঞাসা করলে, তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায্য বিচারের জন্য আদালতের কাছে আবেদন করেন।
মামলার সময়কাল ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ২৬ জনকে কেন্দ্র করে।
আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষ নির্দিষ্টভাবে বর্ণনা করেছেন, কীভাবে জেআইসি সেলে সরকারবিরোধী ব্যক্তিদের গুম রাখা হতো এবং তাদের উপর ভয়াবহ নির্যাতন চালানো হতো।
এদিকে, একই সময়ে চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাঁনখারপুলে ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








