News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২২, ১৫ ডিসেম্বর ২০২৫

সন্ত্রাসবিরোধী মামলায় ৫ দিনের রিমান্ডে আনিস আলমগীর

সন্ত্রাসবিরোধী মামলায় ৫ দিনের রিমান্ডে আনিস আলমগীর

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে আসামির উপস্থিতিতে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হয়। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী নাজনীন আক্তার রিমান্ড বাতিলের জন্য জামিন আবেদন করেন। আদালত দুই পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাংবাদিক আনিস আলমগীরকে রবিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির ২ নম্বর রোডের একটি জিম থেকে বের হওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও তার অনুসারীরা দেশের মধ্যে বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে অবস্থান করে দেশের অস্থিতিশীলতা সৃষ্টি এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র চালাচ্ছে।

আনিস আলমগীর ছাড়াও মামলার অপর আসামিরা হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা, উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।

আরও পড়ুন: আটকের ১৯ ঘণ্টা পর গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীর

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন টকশোতে নিষিদ্ধ সংগঠনকে ফেরানোর প্রচারণা চালাচ্ছে। তাদের কর্মকাণ্ডের ফলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

তদন্ত কর্মকর্তা আদালতে জানান, আনিস আলমগীরকে সময় স্বল্পতার কারণে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাকে নিয়ে অভিযান পরিচালনা করলে পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার সম্ভব হবে। এছাড়া ঘটনার সঙ্গে আরও কোনো আসামি জড়িত আছে কি না তা খতিয়ে দেখার জন্য রিমান্ড প্রয়োজন।

উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধে তদন্ত চলমান।

সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন বিষয় নিয়ে টেলিভিশন টকশোতে বক্তব্য রাখার কারণে আলোচনায় ছিলেন। এছাড়া তার ফেসবুক পোস্টগুলো নিয়েও সামাজিক ও গণমাধ্যমে সমালোচনা চলছে।

মামলার সূত্রে জানা গেছে, ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে রবিবার রাতে মামলাটি দায়ের করেন। 

মামলায় উল্লেখ করা হয়, আসামিরা একত্রে কাজ করে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকানোর অভিযোগে অভিযুক্ত।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়