News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৮, ১৫ ডিসেম্বর ২০২৫

আটকের ১৯ ঘণ্টা পর গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীর

আটকের ১৯ ঘণ্টা পর গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীর

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামও একই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি এলাকার একটি জিম থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে রাখা হয়। সাংবাদিক নিজেও মোবাইল ফোনে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জিম ম্যানেজার আরেফিন জানান, সন্ধ্যা ৮টার দিকে আনিস আলমগীর ব্যায়াম শেষে বের হন এবং জিমে পুলিশ ছিলেন না।

ডিবি জানায়, জিজ্ঞাসাবাদ চলাকালীন ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামে একটি সংগঠনের কেন্দ্রীয় সদস্য আরিয়ান আহমেদ আনিস আলমগীরসহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে নাম থাকা অপর তিনজন হলেন—অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।

উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার কর্মকাণ্ডে জড়িত। 

আরও পড়ুন: ডিবি কার্যালয়েই আছেন সাংবাদিক আনিস আলমগীর

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পরিবেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছেন। এতে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উসকানি পাচ্ছে এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা ও অবকাঠামো ধ্বংসের মতো কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, সোমবার বিকেলে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হবে এবং এরপর তাকে আদালতে তোলা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা দ্রুত থানা থেকে আসবেন এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

আনিস আলমগীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সম্প্রতি টেলিভিশন টকশোতে তার মন্তব্য ও ফেইসবুক পোস্টের কারণে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ ও মামলা তথ্যনির্ভর ও সুনির্দিষ্ট প্রক্রিয়ায় তদন্তাধীন রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়