আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৯, ২৩ মে ২০২৬
আপডেট: ১২:৫০, ২৩ মে ২০২৬

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা ইরানের

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা ইরানের

কোলাজ ছবি

নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা অ্যালবিনো (ধবল) জাতের একটি মহিষ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় রসিকতা করে মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের চুল ও মুখের গড়ন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।

বিষয়টি এবার নজর কেড়েছে ইরানেরও। রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে ক্যাপশনে রসিকতা করে লেখা হয়েছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’

ইরানি দূতাবাস তাদের ওই পোস্টে রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও যুক্ত করেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করার পর থেকে মহিষটি নাকি খাওয়া-দাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে।

এদিকে অদ্ভুতদর্শন এই মহিষটি দেখতে প্রতিদিন নারায়ণগঞ্জের ওই খামারে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। দূর-দূরান্ত থেকে মানুষ এসে মহিষটির সঙ্গে ছবি ও ভিডিও তুলছেন।

মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা সংবাদমাধ্যমকে বলেন, তার ছোট ভাই রসিকতা করে মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রেখেছিল। নাম যাই হোক, মহিষটি খুবই শান্ত স্বভাবের। সাধারণত অ্যালবিনো জাতের মহিষ শান্ত হয় এবং সহজে উত্তেজিত হয় না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন কড়াকড়ি নীতি

খামার কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহা সামনে রেখে মহিষটির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়