যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন কড়াকড়ি নীতি
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য গ্রিন কার্ড (স্থায়ী বসবাসের অনুমতি) আবেদন প্রক্রিয়ায় নতুন নীতি ঘোষণা করেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় স্ট্যাটাস পরিবর্তন করে গ্রিন কার্ডের আবেদন করার সুযোগ থাকছে না।
শুক্রবার (২২ মে) প্রকাশিত এক নীতিগত স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়।
রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউএসসিআইএসের তত্ত্বাবধায়ক সংস্থা মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি যদি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে নিজ দেশের মার্কিন দূতাবাসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তবে বিশেষ পরিস্থিতিতে কেসভিত্তিক ব্যতিক্রমী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও জানানো হয়েছে।
নতুন এই নীতির ফলে অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিনের কিছু ‘ফাঁকফোকর’ বন্ধ হবে এবং আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ।
অন্যদিকে মানবাধিকার ও শরণার্থী সহায়তাকারী সংগঠনগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের মতে, এতে ঝুঁকিতে থাকা ব্যক্তি, শরণার্থী এবং মানবপাচারের শিকার মানুষদের জন্য নতুন জটিলতা তৈরি হতে পারে।
আরও পড়ুন: পদত্যাগ করলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি কঠোর করার ধারাবাহিক অংশ হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








