আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ৯ জুন ২০২৬

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত

প্রতীকী ছবি

ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন সামরিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ট্রাম্পও ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি পরে এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে বলে উল্লেখ করেছেন।

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, হেলিকপ্টারে থাকা দুই পাইলট নিরাপদে আছেন এবং এ ঘটনায় কেউ আহত হননি।

দ্য নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ মোকাবিলায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অ্যাপাচি হেলিকপ্টারের পাশাপাশি যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে আসছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এটিই প্রথম মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনা। এর আগে ইরান ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল।

সংবাদমাধ্যমে বলা হয়, অ্যাপাচি হেলিকপ্টার সাধারণত টহল ও নজরদারি কার্যক্রমে ব্যবহৃত হলেও সাম্প্রতিক সময়ে সেন্টকম এগুলোকে আরও আক্রমণাত্মক অভিযানে ব্যবহার করছিল।

আরও পড়ুন: ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

এর আগে গত রোববার সেন্টকম দাবি করে, হরমুজ প্রণালিতে চলাচলের জন্য হুমকি হিসেবে বিবেচিত ইরানের দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানি আগ্রাসন মোকাবিলায় প্রতিরক্ষামূলক তৎপরতা অব্যাহত রাখবে বলেও জানানো হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়