News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৮, ১৪ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ২, আহত ৮

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী প্রভিডেন্সে অবস্থিত আইভি লিগভুক্ত ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে বিশ্ববিদ্যালয়ের বারাস অ্যান্ড হোলি ইঞ্জিনিয়ারিং ভবনে এই হামলায় অন্তত দুজন নিহত এবং আরও আটজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে চলমান একটি পরীক্ষার সময়ই এই হামলার ঘটনা ঘটে। বিকাল ৪টা ৫ মিনিটে জরুরি নম্বর ৯১১–এ ফোন আসার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম বিষয়টি জানতে পারে।

মেয়র স্মাইলি বলেন, আমি নিশ্চিত করতে পারছি, দুইজন মারা গেছেন এবং আটজন গুরুতর আহত হয়েছেন। হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা, তাও নিশ্চিত করা যায়নি।

ঘটনার পর পুলিশ জানিয়েছে, কালো পোশাক পরিহিত এক পুরুষকে সন্দেহভাজন হিসেবে খোঁজা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বন্দুকধারী হামলার পর পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি বলে জানিয়েছেন মেয়র স্মাইলি।

সন্দেহভাজনের বিস্তারিত পরিচয় শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। শেষ খবর পর্যন্ত হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি।

হামলার পর বিকাল ৪টা ২২ মিনিটে ব্রাউন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি বার্তা জারি করে। 

আরও পড়ুন: মরক্কোয় দুটি চারতলা আবাসিক ভবন ধসে নিহত ২২

বার্তায় জানানো হয়, বারাস অ্যান্ড হোলি ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্স ভবনের আশপাশে সক্রিয় বন্দুকধারী রয়েছে। শিক্ষার্থীদের অবিলম্বে দরজা বন্ধ করতে, ফোন সাইলেন্ট রাখতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে বলা হয়।

তবে পরে পুলিশ ওই ভবনে গিয়ে কোনো বন্দুকধারীকে পায়নি। হামলাকারী কীভাবে ভবনে প্রবেশ করে আবার বেরিয়ে যায়, তা এখনো নিরুপণ করা যায়নি।

হামলার কিছুক্ষণ পর অনলাইনে সন্দেহভাজন আটক হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ে। তবে পুলিশ তা নিশ্চিত করেনি। ফলে হামলাকারীর গ্রেফতার নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বন্দুকধারী আটক হয়েছে বলে উল্লেখ করলেও পরবর্তীতে সেই বক্তব্য থেকে সরে আসেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং একে “ভয়াবহ” বলে মন্তব্য করেন।

তিনি বলেন, এই মুহূর্তে আমরা কেবল নিহত ও গুরুতর আহতদের জন্য প্রার্থনা করতে পারি।

হামলার পরপরই ঘটনাস্থলে এফবিআইসহ যুক্তরাষ্ট্রের একাধিক ফেডারেল সংস্থার কর্মকর্তারা উপস্থিত হন। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

রয়টার্সের তথ্যমতে, ব্রাউন বিশ্ববিদ্যালয় প্রভিডেন্স শহরের কলেজ হিল এলাকায় অবস্থিত। আইভি লিগভুক্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানে লেকচার হল, গবেষণাগার ও ছাত্রাবাসসহ কয়েকশ ভবন রয়েছে।

মেয়র ব্রেট স্মাইলি জানিয়েছেন, হামলার পেছনের উদ্দেশ্য ও হামলাকারীর পরিচয় জানতে তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা হয়নি এবং ঘটনাটি সম্পূর্ণভাবে তদন্তাধীন রয়েছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়