জামিনে মুক্ত বাউল শিল্পী আবুল সরকার
ছবি: সংগৃহীত
ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় জামিনে মুক্তি পেয়েছেন মানিকগঞ্জের বাউল শিল্পী ও পালাকার আবুল সরকার।
সোমবার বেলা ১১টা ২০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জ্যেষ্ঠ জেল সুপার হালিমা খাতুন বলেন, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
কারাগার থেকে বের হয়ে প্রথমে তিনি রিকশায় করে ফটকে আসেন। পরে সাদা রঙের একটি মাইক্রোবাস করে তিনি এলাকা ত্যাগ করেন। এ সময় পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। তবে অসুস্থ থাকায় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন
৬ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ আবুল সরকারকে জামিনে মুক্তির আদেশ দেয়।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লীর বাসিন্দা আবুল সরকার এলাকায় বাউলশিল্পী ‘ছোট আবুল সরকার’ নামে পরিচিত। তিনি কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘কথা কইয়ো না’-এর কণ্ঠশিল্পী আলেয়া বেগমের স্বামী।
বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার ও মানিকগঞ্জে বাউলশিল্পী ও অনুসারীদের ওপর হামলার প্রতিবাদে শুরু থেকেই সোচ্চার ছিল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। তার মুক্তির দাবিতে গত ২৫ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছিল ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’।
নিউজবাংলাদেশ.কম/এনডি








