News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:২৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬

বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন

বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন

বাউল শিল্পী সুনীল কর্মকার। ছবি: সংগৃহীত

প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই। বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় মারা গেছেন তিনি। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে আসে।

বাউল শিল্পী মুক্তা সরকার তার ফেসবুক পোস্টে লেখেন, আমরা গভীরভাবে শোকাহত। আহা, সুনীল কাকা! কণ্ঠ শুনলেই বুঝতেন আমি আসছি। ‘মা’ বলে ডাকতেন। পালাগানের মঞ্চে একসঙ্গে কত গান, কত কথা—সবই এখন স্মৃতি হয়ে গেছে। ওপারে ভালো থাকবেন, শ্রদ্ধেয় গুণী শিল্পী।

নেত্রকোনায় জন্ম নেওয়া সুনীল কর্মকার মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন। ভরাট ও আবেগময় কণ্ঠে যেকোনো আসর একাই মাতিয়ে তুলতে পারতেন তিনি। কেবল কণ্ঠ নয়, বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম—একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন। বলা যায়, গানই ছিল তার রক্তের সঙ্গে মিশে থাকা সাধনা।

বালক সুনীল ওস্তাদ জালাল উদ্দিন খাঁরের গান শুনেই গানের জগতে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেছিলেন। দুর্ভাগ্যবশত অন্ধত্বের কারণে তিনি দৃষ্টিশক্তি হারালেও, গানের সাধনা থেকে এক মুহূর্তের জন্যও সরে যাননি।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা বুবলী, পিছিয়ে গেল শুটিং

সুনীল কর্মকার ওস্তাদ জালাল উদ্দিন খাঁরের অসংখ্য গানে সুর বসিয়ে কণ্ঠ দিয়েছেন। এ ছাড়া তার নিজের লেখা প্রায় দেড়শ থেকে দুইশোর কাছাকাছি গানও রচনা করেছেন, যা বাংলা বাউল সংগীতের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়