News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

‘যাত্রার গল্প’ নিয়ে সাজছে ১২তম সৌদি চলচ্চিত্র উৎসব

‘যাত্রার গল্প’ নিয়ে সাজছে ১২তম সৌদি চলচ্চিত্র উৎসব

ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের উদীয়মান কেন্দ্র হিসেবে নিজের অবস্থান সুসংহত করছে সৌদি আরব। সেই ধারাবাহিকতায় আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত দেশটির দাহরানের বিখ্যাত ‘ইথরা’ কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসর। ২০০৮ সালে যাত্রা শুরু করা এই উৎসবটি বর্তমানে সৌদি ও উপসাগরীয় অঞ্চলের চলচ্চিত্র বিকাশে অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে স্বীকৃত।

এবারের উৎসবের মূল প্রতিপাদ্য বা থিম নির্ধারণ করা হয়েছে ‘সিনেমা অব দ্য জার্নি’ বা ‘যাত্রার চলচ্চিত্র’। 

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আসরে প্রদর্শিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোতে মানুষের জীবনবোধ ও ভ্রমণের গল্পগুলো বিশেষভাবে প্রাধান্য পাবে। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘স্পটলাইট অন সিনেমা’ বিভাগ। গত আসরে জাপানি সিনেমা নিয়ে বিশেষ আয়োজন থাকলেও এবার দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রের নান্দনিকতা, নির্মাণশৈলী ও সিনেমাটিক বৈশিষ্ট্য নিয়ে বিশেষ প্রদর্শনী ও সেমিনারের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন: আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমেদ আল মোল্লা চলচ্চিত্র নির্মাতাদের এই আয়োজনের মূল প্রাণ হিসেবে উল্লেখ করেছেন। 

তিনি জানান, এবারের আসরেও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নির্মাতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে চলচ্চিত্র নিয়ে গভীর আলোচনা, ধারণা বিনিময় এবং শেখার একটি অনন্য পরিবেশ তৈরি হবে। সপ্তাহব্যাপী এই আয়োজনে কেবল চলচ্চিত্র প্রদর্শনীই নয়, বরং নতুন ও তরুণ নির্মাতাদের জন্য থাকছে চিত্রনাট্য বিষয়ক বিশেষ কর্মশালা, ডকুমেন্টারি স্ক্রিনিং এবং প্রজেক্ট মার্কেট।

উৎসবের ডেপুটি ডিরেক্টর তারিক আল খাওয়াজি মনে করেন, এই প্ল্যাটফর্মটি আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে এবং স্থানীয় প্রতিভাদের বিকাশে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। বিশেষ করে ‘ইন্ডাস্ট্রি প্রোগ্রাম’-এর মাধ্যমে নতুন নির্মাতারা তাদের কাজকে বৈশ্বিক বাজারে তুলে ধরার সুযোগ পাবেন।

দীর্ঘ প্রায় দুই দশকের পথচলায় সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল কেবল একটি প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকেনি; বরং এটি এখন মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র শিল্পের একটি শক্তিশালী বাণিজ্যিক ও সৃজনশীল কেন্দ্রে পরিণত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়