News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আর্থিক সংক্রান্ত মামলায় নতুন করে আলোচনায় এসেছেন। চেক বাউন্সের মামলায় নির্ধারিত শুনানিতে হাজির না হওয়ায় ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

মামলার সূত্রপাত প্রায় এক দশক আগে। ২০১৭ সালে মোরাদাবাদের ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিযোগ করেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি পারিশ্রমিক নেওয়া সত্ত্বেও আমিশা সেখানে উপস্থিত হননি। অভিযোগে বলা হয়, অনুষ্ঠান না করে অতিরিক্ত অর্থ দাবি করে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরবর্তীতে ১০ লাখ রুপি ফেরত দেওয়া হলেও বাকি ৪.৫ লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স হয়েছে।

আদালত একাধিকবার সমন জারি করলেও নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিনেত্রী আমিশা প্যাটেল অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনাটি বহু পুরনো এবং প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে সব আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, মামলাকারী পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন।

আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে লড়াই করা হিনা খানের মা হওয়ার গুঞ্জন

আমিশা জানান, তার আইনজীবীরা বিষয়টি দেখছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়