অন্তঃসত্ত্বা বুবলী, পিছিয়ে গেল শুটিং
ফাইল ছবি
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে নিয়ে ফের দানা বেঁধেছে নতুন গুঞ্জন। প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের পাঁচ বছর পর আবারও মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী।
সংশ্লিষ্ট একাধিক সূত্র ও সহশিল্পীদের বরাত দিয়ে জানা গেছে, বুবলী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং চলতি বছরের জুলাই মাস নাগাদ তার দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখতে পারে। সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে তার শারীরিক গঠন ও পোশাকের ধরনে বিষয়টি স্পষ্ট হয়ে উঠলেও অভিনেত্রী নিজে এখনো এ নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন।
বুবলীর মা হওয়ার খবরটি কেবল গুঞ্জনেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে তার পেশাদার জীবনেও। বুবলীর শারীরিক অবস্থার কারণে বর্তমানে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার কাজ স্থগিত রয়েছে। সিনেমাটির প্রথম লটে চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে চার দিন শুটিং করলেও দ্বিতীয় লটের জন্য শিডিউল দিচ্ছেন না বুবলী।
সংশ্লিষ্টদের মতে, সন্তান জন্মের পর শারীরিক সক্ষমতা ফিরে পেলে তবেই তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন।
আরও পড়ুন: অনুষ্ঠানে ‘বেবিবাম্প’ স্পষ্ট, দ্বিতীয়বার মা হওয়ার প্রশ্নে যা জানালেন বুবলী
সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বুবলী বর্তমানে শুটিং করার অবস্থায় নেই। সন্তান প্রসবের জন্য চলতি মাসেই তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি আগামী জুনে কাজ শুরুর প্রাথমিক শিডিউল দিলেও প্রযোজক ও পরিচালকের ধারণা, এই স্বল্প সময়ের মধ্যে তার পক্ষে পুরোপুরি ফিট হওয়া সম্ভব নয়। তাই সেপ্টেম্বরে নতুন করে শুটিং শুরুর পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।
বুবলীর এই ‘অন্তর্ধান’ এবং লুকোচুরি নতুন কিছু নয়। এর আগে ২০২০ সালেও তিনি দীর্ঘ সময় পর্দার আড়ালে ছিলেন। সে সময় মা হওয়ার গুঞ্জন উঠলে তিনি তা অস্বীকার করে নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়াশোনার দাবি করেছিলেন। তবে পরবর্তীতে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই শাকিব খানের সঙ্গে তার সন্তান শেহজাদ খান বীরের খবর প্রকাশ্যে আনেন। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে বীরের জন্ম হয়েছিল। এবারের ঘটনাপ্রবাহ অনেকটা আগের বারের পথেই হাঁটছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে জানতে বুবলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
অন্যদিকে, তার প্রথম সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খানও এই বিষয়ে সম্পূর্ণ নীরবতা পালন করছেন। ২০১৭ সালে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন দেওয়ার পর থেকেই বুবলীকে নিয়ে বিতর্কের শুরু হয়েছিল, যা পরবর্তীতে বিয়ে ও সন্তান পর্যন্ত গড়ায়। বর্তমানে বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে এবং সর্বশেষ তাকে ‘জংলি’ সিনেমায় দেখা গেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








